নকল পণ্য ও ছাড়ে অনিয়মের অভিযোগে নগরীতে চার প্রতিষ্ঠানকে জরিমানা

post-title

ছবি সংগৃহীত

নগরীর পূর্ব জিন্দাবাজারে মূল্যছাড়ে অনিয়ম, নকল পণ্য বিক্রি ও বিদেশি পণ্যের নামে দেশি পণ্য বিক্রির অভিযোগে চারটি কাপড়ের দোকানকে মোট ৭২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর পূর্ব জিন্দাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন জানায়, অভিযানে জুরিক ফ্যাশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নকল পণ্য বিক্রির মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়।

৭০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়ে বাস্তবে মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়ার অভিযোগে জোহা ফ্যাশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বিদেশি পণ্যের নামে দেশি পণ্য বিক্রির অভিযোগে সোলসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সাইনবোর্ড ও ব্যানারে ৪০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়ে বাস্তবে মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়ার অভিযোগে বন্ডকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সিলেট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু। অভিযান শেষে তিনি জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

এসএ/সিলেট