সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জকিগঞ্জে ৪ জন কারাগারে

post-title

ছবি সংগৃহিত

সিলেটের জকিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাতে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আনন্দপুর গ্রামের ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমদ, আবু সুফিয়ান ও অয়ন দাস। ফারুক আহমদ নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান আহমদ লিমনের বাবা।

এজাহার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পরও দেশবিরোধী ষড়যন্ত্র, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি চলছিল বলে অভিযোগ করা হয়েছে। জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আনন্দপুর গ্রামে ফারুক আহমদের বাড়িতে এসব কর্মকাণ্ডের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

তবে গ্রেপ্তার ফারুক আহমদের ছেলে ও জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান আহমদ লিমন তাঁর বাবার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি যুক্তরাজ্যে বসবাস করি। আমার বাবা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার কারণে আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে মামলা দিয়েছে।”

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ফারুক আহমদের বিরুদ্ধে অন্য আসামিদের আশ্রয় দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ/সিলেট