কোম্পানীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহিত

সিলেটের কোম্পানীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আব্দুস সালাম আজাদ (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার দক্ষিণ ঢালারপার এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুস সালাম আজাদ উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি দক্ষিণ ঢালারপার গ্রামের আব্দুল গণির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ মার্চ কোম্পানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে আব্দুস সালাম আজাদের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর আব্দুস সালাম আজাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট