জগন্নাথপুরে তালাবদ্ধ কক্ষ থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

post-title

ছবি সংগৃহিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মার্কেটের তালাবদ্ধ কক্ষ থেকে আব্দুর রউফ (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইশহাকপুর এলাকার হাজি উস্তার গনি মার্কেটের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুর রউফ মৃত আয়াজ আলীর ছেলে। তাঁর আগের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হারা গ্রামে। বর্তমানে তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন ধরে পরিবারের বাইরে একা বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস ধরে ইশহাকপুর গ্রামের হাজি উস্তার গনি মার্কেটের একটি কক্ষে ভাড়া থাকতেন আব্দুর রউফ। সেখানে পরিত্যক্ত মালামাল (ভাঙারি) সংগ্রহ ও বিক্রির কাজ করতেন তিনি। গত শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলের পর থেকে স্থানীয়রা তাঁকে আর ঘরের বাইরে বের হতে দেখেননি।

রোববার দুপুর ১২টার দিকে আশপাশের লোকজনের সন্দেহ হলে তাঁরা ঘরের দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের পেছনের ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে উঁকি দিয়ে তাঁকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই আব্দুর রাজ্জাক জানান, তাঁর ভাইয়ের দুই সংসারে দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। তবে স্ত্রী-সন্তানদের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি কারও সঙ্গে থাকতেন না। একাই জীবনযাপন করতেন। মৃত্যুর খবর পেয়ে তাঁর বড় ছেলে স্বজনদের জানালে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের ভাইয়ের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এসএ/সিলেট