দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো: শমশের আলীকে বিদায় সংবর্ধনা

শিক্ষকের কর্মময় জীবন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকে: প্রফেসর শাহজাহান কবীর

post-title

ছবি সংগৃহিত

একজন শিক্ষকের কর্মময় জীবন ও অবদান শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর।

তিনি বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার মাধ্যমে একজন শিক্ষক একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মো. শমশের আলীর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও অবদান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে দি এইডেড হাই স্কুল শিক্ষা পরিবারের উদ্যোগে আয়োজিত প্রধান শিক্ষক মো. শমশের আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের (জেজিটিডিএসএল) পরিচালনা পর্ষদের পরিচালক ও দি এইডেড হাই স্কুলের গভর্নিং বডির সভাপতি বদরুজ্জামান সেলিম বলেন, একজন শিক্ষকের সবচেয়ে বড় অর্জন হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। মো. শমশের আলী দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা, নেতৃত্ব এবং শিক্ষার মানোন্নয়নে অবদান বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় তিনি বিদায়ী প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

সিনিয়র শিক্ষক মো. মজির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শমশের আলী। তিনি বলেন, দি এইডেড হাই স্কুল শুধু তাঁর কর্মস্থল নয়, এটি তাঁর জীবনের আবেগ ও ভালোবাসার জায়গা। দীর্ঘ কর্মজীবনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যদের কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন, তা তাঁর জীবনের অন্যতম বড় প্রাপ্তি।

দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফয়সল আহমদ। অতিথিদের মধ্যে বক্তব্য দেন প্রাক্তন শিক্ষক নিলোৎপল চক্রবর্তী। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক আব্দুল কাহার, অভিভাবকদের পক্ষে পীর মোহাম্মদ আলী মিলন এবং শিক্ষার্থীদের পক্ষে আফনানুল করিম চৌধুরী।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন ফাহমিদা আক্তার, রেজিনা বেগম, রুবিনারা আক্তার, মনি দে, শুকরিয়া সুলতানা চৌধুরী, রিমা খান, চুমকি দেবনাথ, মো. শরীফুল ইসলাম, বর্ণালী বর্মন, রতনা পারভীন, মো. জহিরুল ইসলাম, মৃত্যুঞ্জয় দাশ, তোফায়েল আহমেদ, মো. নাজমুল হুদা, ফাহিমা বেগম, ছাবিহা ইয়াসমিন প্রমি, অয়ন কুমার পাল, মো. গোলাম আযম, কৃষ্ণ চন্দ্র রায় ও মো. আনিছ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী মারুয়ান আহমদ এবং গীতা পাঠ করেন একই শ্রেণির শিক্ষার্থী জয় মিত্র।

এসএ/সিলেট