আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সভাপতি রাজু সম্পাদক মুকেশ

post-title

ছবি সংগৃহিত

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) দেশের পাঁচ জেলার ২৩০টি ভোটকেন্দ্রে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত প্রাথমিক ফল অনুযায়ী, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের কার্যকরী সভাপতি পদে মিঠুন কালোয়ার, সহ-সভাপতি পদে মিঠুন সিং রাউতিয়া-২ এবং নারী সহ-সভাপতি পদে শিমুল কর্মকার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে সঞ্জয় চৌহান, নারী সহ-সাধারণ সম্পাদক পদে সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক পদে সনত গোয়ালা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার মোট ১ লাখ ৫৩ জন চা-শ্রমিক ভোটার ছিলেন। এসব জেলার ২৩০টি কেন্দ্রে একই সময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ভোটার ছিলেন ৬০ হাজার ৪৮৭ জন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৪০টি পঞ্চায়েতে ভোটার সংখ্যা ১৮ হাজার ৮২২। জেলার অন্যান্য উপজেলার তুলনায় শ্রীমঙ্গলে পঞ্চায়েত ও ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।

দীর্ঘ বিরতির পর চা-শ্রমিক ইউনিয়নের এ নির্বাচনকে ঘিরে চা-বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পাওয়ায় চা-শ্রমিকদের অধিকার, দাবি-দাওয়া ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এসএ/সিলেট