ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক...
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের পিতা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর...
নগর ভবনে সচেতনতামূলক সভায়
ছবি সংগৃহিত
জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদানে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) পিছিয়ে থাকার অন্যতম কারণ সামাজিক কুসংস্কার, ভ্রান্ত ধারণা ও অভিভাবকদের অসচেতনতা বলে মন্তব্য করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ ক্ষেত্রে সমাজের অগ্রসর শ্রেণি, বিশেষ করে চিকিৎসক সমাজের ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদান কার্যক্রম বাস্তবায়নে নগর ভবনে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, টিকাদানের ক্ষেত্রে সিলেটের অবস্থান দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক নিচে। সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে কথা বলে বোঝা গেছে, এর পেছনে অভিভাবকদের অনাগ্রহের পাশাপাশি নানা ধরনের কুসংস্কার ও ভুল ধারণা কাজ করছে।
তিনি বলেন, সমাজের অগ্রসর শ্রেণি এই টিকাদান কার্যক্রমে প্রত্যাশিত ইতিবাচক ভূমিকা রাখছেন না। বরং কোথাও কোথাও তাঁদের নেতিবাচক মনোভাব অভিভাবকদের নিরুৎসাহিত করছে। চট্টগ্রামে প্রায় ৯৯ শতাংশ এবং বরিশালে ৯৩ শতাংশ টিকাদানের সাফল্য থাকলেও সিলেটে এ হার আমাদের জন্য উদ্বেগজনক ও বিব্রতকর। অথচ সিলেট মহানগরীতে দেশের বিভিন্ন জেলার শিক্ষিত ও সচেতন পরিবারগুলোর বসবাস।
তিনি আরও বলেন, অনেক অভিভাবক সন্তানদের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর জন্য গ্রাম থেকে সিলেট শহরে আসেন। সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে তাঁরা যথেষ্ট সচেতন। অথচ জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টিকা গ্রহণের ক্ষেত্রে তাঁদের মধ্যে দ্বিধা ও অনীহা দেখা যাচ্ছে। প্রায় চার হাজার টাকা মূল্যের এই টিকা সরকার বিনামূল্যে দিচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনেক অভিভাবক অর্থ ব্যয় করে তাঁদের সন্তানদের এই টিকা দিচ্ছেন। তাই সিলেটে এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।
সিসিক প্রশাসক বলেন, সমস্যাটি চিহ্নিত করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে এ বিষয়ে কাজ করছে। আগামী বছর টিকাদানের হার বাড়াতে স্কুলভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ভিত্তিক সভা আয়োজন করা যেতে পারে। এসব সভায় চিকিৎসক, বিশেষ করে গাইনোকোলজিস্টদের সম্পৃক্ত করে টিকার উপকারিতা, নিরাপত্তা ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে হবে।
তিনি বলেন, প্রয়োজনে একাধিক বিদ্যালয়ের অভিভাবকদের একত্রিত করে সভা আয়োজন করা হবে। পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী ব্যক্তি, ধর্মীয় নেতা, ইমাম, পুরোহিত ও অন্যান্য উপাসনালয়ের প্রতিনিধিদের সম্পৃক্ত করে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে। সম্মিলিতভাবে কার্যকর প্রচেষ্টা চালানো গেলে আগামী বছর এইচপিভি টিকাদানের হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় নগর ভবনের সভাকক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন্ নূর, সিসিকের সচিব মো. আশিক নূর, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ এবং ইউনিসেফের সিলেট ফিল্ড অফিসের হেলথ অফিসার ডা. মির্জা ফজলে এলাহী।
এছাড়া বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সাধারণ সম্পাদক আনিস রহমান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার। সভায় সিলেট নগরীর সরকারি, বেসরকারি ও ইংরেজি মাধ্যমের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) জরায়ুমুখের ক্যানসারের অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৯ হাজার নারী এ ক্যানসারে আক্রান্ত হন এবং প্রায় ৫ হাজার নারী মারা যান। এইচপিভি টিকা ভাইরাসজনিত সংক্রমণ ও জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে কার্যকর। বিশ্বের বিভিন্ন দেশ এই টিকাদানের মাধ্যমে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশেও এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
সিলেটে এইচপিভি টিকাসহ ১৩টি রোগের নিয়মিত টিকাদান কার্যক্রম চলমান থাকলেও অন্যান্য টিকাদানের তুলনায় এইচপিভি টিকাদানে সিসিকের সাফল্য কম। নানা ভ্রান্ত ধারণা ও অপপ্রচারের কারণে অনেক অভিভাবক তাঁদের মেয়েদের এই টিকা দিতে দ্বিধাবোধ করছেন বলে সভায় উল্লেখ করা হয়।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, প্রায় চার হাজার টাকা মূল্যের এক ডোজ এইচপিভি টিকা পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ে যায় না এমন ৯ থেকে ১১ বছর বয়সী মেয়েদের সিসিকের নিয়মিত টিকাদান কেন্দ্রেও টিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। বিশ্বখ্যাত গ্লাক্সো-স্মিথক্লাইন কোম্পানির তৈরি এই টিকা নিরাপদ এবং জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে অত্যন্ত কার্যকর।
তিনি অভিভাবকদের ভ্রান্ত ধারণা পরিহার করে মেয়েদের ভবিষ্যৎ স্বাস্থ্য সুরক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে এইচপিভি টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
এসএ/সিলেট