সুনামগঞ্জে ৪৬ বোতল বিদেশি মদসহ যুবক আটক

post-title

ছবি সংগৃহিত

সুনামগঞ্জে অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদসহ মো. হাকিম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা সীমান্তসংলগ্ন চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক মো. হাকিম সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা এলাকার মো. রব্বি মিয়ার ছেলে।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সুনামগঞ্জ সদর থানার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নতুন গুদিগাঁও এলাকার ডলুরা বর্ডার হাট থেকে ইব্রাহিমপুর ঘাটগামী পাকা সড়কে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি অভিযানিক দল রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন তিনি। তার দেখানো মতে, একটি প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা দুটি কাগজের কার্টন তল্লাশি করে ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এসআরবি-৯-এর দাবি, জিজ্ঞাসাবাদে হাকিম জানিয়েছেন, সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাঁকে উদ্ধার করা মদসহ সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এসএ/সিলেট