৯ মাসে আওয়ামী লীগের কারও বাড়িতে হামলা হয়নি: এমএ মালিক

post-title

ছবি সংগৃহিত

গত ৯ মাসে সিলেট-৩ আসনে বিএনপির কোনো নেতাকর্মী কারও ওপর জুলুম বা হামলা করেননি বলে মন্তব্য করেছেন এই আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালিক।

তিনি বলেন, এই সময়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাড়িতেও হামলার ঘটনা ঘটেনি। অতীতে বিএনপি নির্যাতনের শিকার হলেও তারা সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। গত ৯ মাসে প্রত্যেকের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। নাগরিক হিসেবে সব সম্প্রদায়ের মানুষের অধিকারও নিশ্চিত করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে নিজের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এমএ মালিক। দক্ষিণ সুরমার তেতলিতে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। এর আগে শনিবার (২৮ নভেম্বর) ভোরে তাঁর বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে।

হামলার বিষয়ে এমএ মালিক বলেন, এ ধরনের হামলার আশঙ্কার কথা গোয়েন্দারা আগেই সতর্ক করেছিলেন। এ কারণে বাড়িতে অগ্নিনির্বাপক যন্ত্র রাখা হয়েছিল। সেটি থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে এবং তাঁর বাড়ি রক্ষা পেয়েছে। অন্যথায় পুরো বাড়ি আগুনে পুড়ে যেতে পারত।

তিনি আরও বলেন, শনিবার বিএনপির প্রতিটি ইউনিটকে শান্তিপূর্ণ মিছিল ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছিল। এর অংশ হিসেবে মোল্লারগাঁও ও কামালবাজার ইউনিয়ন বিএনপি মিছিল বের করে।

এমএ মালিক অভিযোগ করেন, কামালবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের নির্দেশে বিএনপির মিছিলে গুলি চালানো হয় এবং মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে মসজিদকে ব্যবহার করে অগ্নিসন্ত্রাসের অভিযোগও করেন তিনি।

এমএ মালিক আরও দাবি করেন, আওয়ামী লীগের একজন সমর্থক তাঁকে জানিয়েছেন, হাবিবের বাড়িতে নিজেদের লোকজনই আগুন দিয়ে বিএনপিকে দায়ী করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে তিনি আবারও অভিযোগ করেন, হাবিবুর রহমান হাবিবের নির্দেশেই বিএনপির শান্তিপূর্ণ মিছিলে গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে তাঁর বাড়িতে নিজেরাই আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করেছে।

প্রসঙ্গত, শনিবার একই দিনে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালিক এবং সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শনিবার ভোরে ও সন্ধ্যায় দক্ষিণ সুরমা এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে। একই দিনে সাবেক ও বর্তমান দুই সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এসএ/সিলেট