জকিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী আটক

post-title

ছবি সংগৃহিত

সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক ব্যক্তি চিহ্নিত মানব পাচারকারী।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন লালাখাল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বাংলাদেশের অভ্যন্তরে কালিঞ্জি নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কিবরিয়াকে আটকের জন্য বিশেষ অভিযান চালানো হয়। এ সময় টহলদল সতর্ক অবস্থান নিয়ে সম্ভাব্য অবস্থান ও চলাচলের ওপর নজরদারি করে। পরে কালিঞ্জি এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়।

আটক মো. কিবরিয়া (২৭) সিলেটের জৈন্তাপুর থানার নয়াখেল উত্তর গ্রামের জমির উদ্দিনের ছেলে।  

বিজিবি জানায়, আটকের পর তার দেহ তল্লাশি করে একটি স্মার্টফোন, একটি বাংলাদেশি মোবাইল সিম, একটি ভারতীয় মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র ও নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম, পিবিজিএম জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মানব পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এসএ/সিলেট