সিলেটে সুরমার তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে খন্দকার মুক্তাদির

সুরমা নদীর ৫১ কিমি ড্রেজিং ও প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে সম্পন্ন হবে

post-title

ছবি সংগৃহীত

সিলেট শহর ও পার্শ্ববর্তী এলাকার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ এবং সার্বিক নিরাপত্তায় সমন্বিত ও মেগা পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সিলেট সদর উপজেলার সুরমা নদীর বামতীরের কানিশাইল এলাকায় বুধবার (৩০ সেপ্টেম্বর) নদী তীর প্রতিরক্ষা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি নদী ভাঙন রোধ, নগর নিরাপত্তা, এলাকার পরিবেশ সুরক্ষা ও দেশের সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।সমাবেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সুরমা নদী ও চেঙ্গার খালের ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা তাদের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।গত ১৭ ফেব্রুয়ারি সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই পানিসম্পদ মন্ত্রীকে সাথে নিয়ে তিনি নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনের মাধ্যমে টেকসই পদক্ষেপের ভিত্তি স্থাপন করেন।

নদীর ভৌগোলিক চিত্র ও ম্যাপ প্রদর্শন করে তিনি উল্লেখ করেন, নদীভাঙনের মূল প্রভাব বা সুরুর সূত্রপাত হয় মূলত নদীর তলদেশ (বেড) থেকে, যা পরবর্তীতে তীরে এসে আঘাত হানে। তাই কেবল পাড় বাঁধাই নয়, নদীর নাব্য ফিরিয়ে আনা ও ভাঙন রোধে চলতি প্রকল্পের আওতায় সুরমা নদীর প্রায় ৫১ কিলোমিটার অংশ ড্রেজিংয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। সমন্বিত ও পরিকল্পিত উপায়ে সুরমা নদীর সুরক্ষা নিশ্চিত করা হবে।

বক্তব্যে মন্ত্রী সিলেটের নদীভাঙন রোধ ও নদী পুনর্খননে গৃহীত বেশ কিছু স্থায়ী প্রকল্পের তালিকা তুলে ধরেন। প্রকল্প গুলো হচ্ছে, সুরমা নদী (কানিশাইল এলাকা): ৫৫০ মিটার তীর প্রতিরক্ষা কাজ।সুরমা নদী (মিরেরচক এলাকা): ৩০০ মিটার তীর প্রতিরক্ষা কাজ। সুরমা নদী (মেন্দিবাগ এলাকা): ৪০০ মিটার তীর প্রতিরক্ষা কাজ। সুরমা নদী (টোকেরবাজার এলাকা): ৫০০ মিটার তীর প্রতিরক্ষা কাজ। সুরমা নদী (মিরেরগাঁও এলাকা): ৫০০ মিটার তীর প্রতিরক্ষা কাজ। কুশি নদী পুনর্খনন: ২৩ কিলোমিটার। বাসিয়া নদী পুনর্খনন: ২৩ কিলোমিটার। সুরমা নদী ড্রেজিং কাজ: ৩.২ কিলোমিটার। শারী-গোয়াইন নদী (নয়াগাঁও এলাকা): ৫০৫ মিটার তীর প্রতিরক্ষা কাজ। শারী-গোয়াইন নদী (মেরিন একাডেমি এলাকা): ৮০০ মিটার তীর প্রতিরক্ষা কাজ।

সিলেটের স্থায়ী জলাবদ্ধতা নিরসন ও বন্যা নিয়ন্ত্রণে ৪,৭০০ কোটি টাকার এক বিশাল মেগা প্রকল্পের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, এই প্রকল্পের বড় একটি অংশ জুড়ে থাকবে সুরমা নদীর দুই পাড়ে ১৭ কিলোমিটার দীর্ঘ বাঁধ ও সুরক্ষার জন্য পথ (রাস্তা) নির্মাণ। এই প্রকল্প বাস্তবায়িত হলে তা বন্যা প্রতিরোধের পাশাপাশি পর্যটনের নতুন দুয়ার উন্মোচন করবে এবং স্থানীয় অধিবাসীদের চলাফেরা ও প্রাতঃভ্রমণের চমৎকার সুযোগ তৈরি করবে।

উন্নয়নমূলক কাজে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “নিজের হক আদায়ের ব্যাপারে নিজেকেই সতর্ক ও যত্নবান হতে হবে।” কাজের গুণগত মান নিশ্চিত করতে তিনি প্রতিটি এলাকায় মসজিদের ইমাম, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রকৌশলী ও এলাকার বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে একটি করে ‘স্থানীয় তদারকি কমিটি’ গঠনের পরামর্শ দেন। এই কমিটি নির্মাণকাজের মান সময় সময় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

বিনিয়োগ ও টেকসই উন্নয়নের পূর্বশর্ত হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে সমাজের অপরাধের বড় একটি অংশ মাদক ও অনলাইন জুয়া কেন্দ্রিক। অনলাইন জুয়া বন্ধে ইতোমধ্যে জাতীয় সংসদে আইন পাস হয়েছে। মাদক ও জুয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হলে কিশোর গ্যাংয়ের অপরাধ অপতৎপরতা স্বয়ংক্রিয়ভাবেই কমে আসবে। ইতোমধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সক্রিয় মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে।

নগরীর নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির সংযোজন সম্পর্কে তিনি জানান, সিলেট সিটি করপোরেশনের (সিসিসি) অর্থায়নে নাইট-ভিশন ও ফেসিয়াল রিকগনিশন সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং ডিজিটাল ট্রাফিক লাইট সিস্টেম স্থাপন করা হচ্ছে, যা সরাসরি এসএমপি পরিচালনা করবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সিলেটে সুসংহত নিরাপত্তা ও অনুকূল পরিবেশ বজায় রাখা হবে।

নদী তীরবর্তী ও সড়কের গাছ কাটার বিষয়ে মন্ত্রী স্পষ্ট করে বলেন, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় লাগানো গাছ ২০ বছর পার হলে নিয়ম অনুযায়ী কাটার বিধান রয়েছে। তবে সড়ক বিভাগ চার লেনের কাজ করুক বা না করুক—যেখানেই গাছ কাটা হবে, সেখানেই যাতে নতুন করে পুনরায় গাছ লাগানো নিশ্চিত হয়, সে ব্যাপারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাথে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিক বাজারদর ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, সেপ্টেম্বরের শেষে নতুন শীতকালীন সবজি বাজারে আসার আগ পর্যন্ত সময়ে সরবরাহ কিছুটা কমে যায়, যার প্রভাব বাজারে পড়ে। এছাড়া তীব্র গরমের সময় হাঁস-মুরগির ডিম উৎপাদন সাময়িকভাবে কমে যাওয়া ও ডিম নষ্ট হওয়ার কারণেও দামে কিছুটা তারতম্য ঘটে। তবে শীতের আগমন ও সবজির সরবরাহ বৃদ্ধির সাথে সাথে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এ সকল মৌসুমি ও কারিগরি কারণ গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে সঠিক ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সুরমা শুধু একটি নদীর নাম নয়। এই নদীর সঙ্গে সিলেটের মানুষের জীবন, জীবিকা, স্মৃতি ও ভালোবাসা জড়িয়ে আছে। আবার এই নদীর ভাঙনে অনেক সময় মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও দীর্ঘদিনের স্বপ্ন হারিয়ে যায়।”

তিনি বলেন, এই বাস্তবতাকে সামনে রেখে ‘সুরমা-কুশিয়ারা নদীর অববাহিকায় উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প (১ম পর্যায়)’-এর আওতায় কানিশাইল এলাকায় সুরমা নদীর তীর প্রতিরক্ষা কাজ শুরু হয়েছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “এই কাজ শুধু নদীর তীর রক্ষার কাজ নয়; এর সঙ্গে মানুষের ঘরবাড়ি রক্ষা, ভাঙনের আতঙ্ক কমানো এবং আগামী দিনের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরির বিষয়টি জড়িত। পরিকল্পিত ও টেকসইভাবে কাজটি বাস্তবায়ন করা গেলে কানিশাইলসহ আশপাশের মানুষের দীর্ঘদিনের উদ্বেগ ও উৎকণ্ঠা অনেকটাই কমবে বলে আশা করি।”

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ স্থানীয় জনসাধারণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এসএ/সিলেট