জৈন্তাপুরে দুই পিকআপভর্তি ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটো জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটোসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় টমেটো পরিবহনে ব্যবহৃত দুটি ডিআই পিকআপ জব্দ করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন কয়েছ আহমদ (১৯), আমিন আহমদ (১৯), আবু তাহের মাহিন (১৭) ও সাইদুল ইসলাম (১৯)।

পুলিশ জানায়, চেকপোস্টে দুটি ডিআই পিকআপে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়। এ সময় টমেটো বহনকারী পিকআপ দুটি জব্দ এবং চারজনকে আটক করা হয়। উদ্ধার করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা। জব্দ করা দুটি পিকআপের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএ/সিলেট