সিলেটের চার সীমান্ত এলাকায় বিজিবির অভিযান, জব্দ ৫০ লাখ টাকার পণ্য

post-title

ছবি সংগৃহিত

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় বিপুল পরিমাণ রসুনের একটি চালানও জব্দ করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের দমদমিয়া, বিছানাকান্দি, প্রতাপপুর ও উৎমা বিওপির সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় গরু, জিরা, টমেটো ও কম্বল জব্দ করা হয়।

এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় বিপুল পরিমাণ রসুনের চালান জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ৫০ লাখ ১৭ হাজার টাকা।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। দেশের স্বার্থে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএ/সিলেট