আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলীর উপস্থিতিতে নতুন স্বপ্নের যাত্রা, কুরআনের আলো ছড়াতে স্থায়ী ঠিকানার পথে মাদরাসাটি

ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

post-title

তাজিদুল ইসলাম

সুনামগঞ্জের ছাতকে দ্বীনি শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার বুড়াইরগাঁও বাজারসংলগ্ন আলাপুর গ্রামে সিলেট-সুনামগঞ্জ বিশ্বরোডের পাশে মাদরাসার নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদরাসার চেয়ারম্যান হযরত আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ২০২১ সালে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ পয়েন্টসংলগ্ন একটি ভাড়াটিয়া অস্থায়ী ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে পবিত্র কুরআন হিফজের দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগের মধ্য দিয়ে মাদরাসার শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও স্থায়ী শিক্ষার পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, হাফিজ, এলাকার আলেম-ওলামা, শিক্ষানুরাগী, অভিভাবক, সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় মাদরাসার পরিচালক হাফিজ মাওলানা ইউসুফ মোহাম্মদ শাহান বলেন, “এই কুরআনের বাগানকে পরিপূর্ণ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তাই সকলকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই। যারা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর করেছেন, তাঁদের প্রতি শুকরিয়া আদায় করছি।”

টিএ/ছাতক