সুনামগঞ্জে সিএনজিতে মিলল ১১৮ বোতল বিদেশি মদ, আটক ১

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. দ্বীন ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকায় আব্দুজ জহুর সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, সদর উপজেলার রাধানগর পয়েন্ট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে আব্দুজ জহুর সেতুর টোল প্লাজার দিকে যাচ্ছেন।

এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে টোল প্লাজার সামনে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দিলে এক ব্যক্তি সেটি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে অভিযানকারী দল তাকে আটক করে।

আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১৫টি কালো পলিথিনের ভেতর থেকে ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

আটক দ্বীন ইসলাম (৩৬) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার কাপনা গ্রামের মৃত আদুদ মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাকে উদ্ধার করা মদ ও জব্দ করা সিএনজিচালিত অটোরিকশাসহ সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

এসএ/সিলেট