ছাতকে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডিপ্লোমা প্রকৌশলী নিহত

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৩৯) নামে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন। শুক্রবার রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতক উপজেলার চৌকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফুর রহমান সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামের বাসিন্দা। তিনি গোবিন্দগঞ্জ এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে অবস্থিত আলী ফিলিং স্টেশনে চাকরি করতেন। তাঁর স্ত্রী ও এক বছর বয়সী যমজ দুই ছেলে রয়েছে।

নিহতের মামা মো. ওবায়দুল হক মিলন জানান, সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে শান্তিগঞ্জের দামোধরতপি গ্রামে লুৎফুর রহমানের শ্বশুরবাড়ি। শুক্রবার রাতে কর্মস্থল গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে ছাতকের চৌকা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে যান। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/সিলেট