বিচারাধীন মামলার প্রধান আসামির ব্যক্তিগত অনুষ্ঠানে ওসির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন; পুলিশের নিরপেক্ষতা ও পেশাগত ভাবমূর্তি নিয়ে আলোচনা

ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ

post-title

তাজিদুল ইসলাম

সুনামগঞ্জের ছাতকে মানহানির মামলার প্রধান আসামি তানভীর আহমদ জাকিরের আয়োজিত দাওয়াতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশগ্রহণ করাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

জানা যায়, সম্প্রতি দৈনিক ভোরের চেতনার ছাতক উপজেলা প্রতিনিধি ফজল উদ্দিন বাদী হয়ে তানভীর আহমদ জাকিরসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে ছাতকের আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর. মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে সুনামগঞ্জের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এমন একটি মামলার প্রধান আসামি তানভীর আহমদ জাকিরের আয়োজিত দাওয়াতে ওসির অংশগ্রহণের বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ছাড়া নামমাত্র একটি ফেসবুক পেজের কার্যালয় উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে থানার ওসি কীভাবে গেলেন, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সাংবাদিকরা জানান, থানায় ওসি ও অন্যান্য কর্মকর্তা যোগদানের পরপরই তানভীর জাকিরের সঙ্গে সখ্য গড়ে ওঠে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের নিয়ে গিয়ে ছবি-বাণিজ্যসহ ট্রাভেলস ব্যবসার নামে থানা থেকে ক্লিয়ারেন্স-বাণিজ্যের অভিযোগও রয়েছে। তাঁর ফেসবুক প্রোফাইল দেখলে সাধারণ মানুষের মনে হতে পারে, তিনি পুলিশের একজন কর্মকর্তা। যে কারণে মানুষ প্রতারণার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

অন্যদিকে, বিচারাধীন মামলার একজন আসামির ব্যক্তিগত দাওয়াতে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার অংশগ্রহণ জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে বলে মনে করছেন সাংবাদিক মহল। এতে পুলিশের নিরপেক্ষতা ও পেশাগত ভাবমূর্তি নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম বলেন, “আমি ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলাম না। তানভীর আমাকে মিলাদ মাহফিলের কথা বলে অনুষ্ঠানে নিয়ে যায়। তানভীর যে একটি মামলার প্রধান আসামি, তাও আমার জানা ছিল না। ‘ছাতকের ডাক’ যে পত্রিকা নয়, সেটিও আমি জানতাম না। বিষয়টি না জেনেই সেখানে গিয়েছিলাম। এ ঘটনায় ছাতকের সকল গুরুত্বপূর্ণ সংবাদকর্মীর কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

টিএ/ছাতক