সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক

নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে

post-title

ছবি সংগৃহিত

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে। নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করা এবং জলাবদ্ধতা নিরসনে সড়ক ও ড্রেনেজ অবকাঠামোর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের দেবপুর এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কাজের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন এবং নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, উন্নয়নকাজের মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিসিক প্রশাসক বলেন, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। উন্নয়ন কার্যক্রমের সুফল যেন নগরীর প্রতিটি এলাকার মানুষ পান, সে লক্ষ্যেই কাজের অগ্রাধিকার নির্ধারণ করা হচ্ছে।

পরিদর্শনকালে সিসিকের নির্বাহী প্রকৌশলী সুমন চন্দ্র দেব, দেবপুর শ্রীশ্রী শ্যামসুন্দর আখড়ার সভাপতি রতন মনি মোহন্ত, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি নীহার রঞ্জন দাশসহ সিসিকের কর্মকর্তাবৃন্দ ও এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট