দিরাইয়ে জলাশয় নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ১৭

post-title

ফাইল ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে দিরাই পৌরসভার ঘাগটিয়া ও সরমঙ্গল ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে ঘাগটিয়া গ্রামের নয়ন মিয়া, সুমন, তাহির মিয়া ও তাজুল ইসলাম রয়েছেন। অন্যদিকে চিতলিয়া গ্রামের সেতু চৌধুরী, নকুল দাস, বিপলু, ইন্দ্রজিত, ফুলকান্ত, জগৎজ্যোতি, হেমেন্দ্র দাস, জয় দেব দাস, আউলা চরন দাস, রতন দাস, বিরাজ দাস, কালি কৃষ্ণ ও ব্রজবাসী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঘাগটিয়া গ্রামের ৪-৫ জন ব্যক্তি চিতলিয়া গ্রামের একটি জলাশয় দখলের উদ্দেশ্যে সেখানে যান। এ সময় জলাশয়ের পাড়ে ঘর নির্মাণের উদ্যোগ নিলে চিতলিয়া গ্রামের লোকজন বাধা দেন। এ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এর জেরে শনিবার সকালে চিতলিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা ঘাগটিয়া গ্রামের পাশ দিয়ে বাজারে যাওয়ার পথে বাধার মুখে পড়েন। ঘাগটিয়া গ্রামের কয়েকজন তাঁদের বাজারে যেতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই গ্রামের অন্তত ১৭ জন আহত হন।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত দাস তালুকদার জানান, সংঘর্ষে গুরুতর আহত তাজুল ইসলাম ও সেতু চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, জলাশয় দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/সিলেট