সম্মানর প্রকল্প উদ্বোধন ও হাইজিন কিট বিতরণ অনুষ্ঠান

নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

post-title

ছবি সংগৃহীত

নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, মাসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার, সংকোচ ও ভুল ধারণা দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (২১ নভেম্বর) সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চবিদ্যালয় ও কলেজে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা পাইলট প্রকল্পের উদ্বোধন ও হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুধু হাইজিন কিট বিতরণ করলেই হবে না। পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়াতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সরকার নারী ও শিশুদের উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের পাশাপাশি মুসলিম এইড ও রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মতো সংস্থার কার্যক্রম সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড ইউকের বাংলাদেশ ফিল্ড অফিসের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় সহযোগী সংস্থা রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা।

মুসলিম এইডের প্রধান কার্যালয়ের প্রতিনিধি ও প্রধান পরিচালন কর্মকর্তা রাজিব হাসান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ তোহেল আহমেদ এবং মুসলিম এইড বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রকল্পের আওতায় নারী ও কিশোরীদের মধ্যে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কিট বিতরণ, বিদ্যালয়ের ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) সুবিধা মূল্যায়ন, স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতামূলক সভা আয়োজন এবং মাসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার ও সংকোচ দূরীকরণে আলোচনা করা হবে। পাশাপাশি নারী-নেতৃত্বাধীন পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড উৎপাদনের সম্ভাবনা অনুসন্ধান এবং পুরুষ, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় কমিউনিটি নেতাদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম এইড বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকী। সমাপনী বক্তব্য দেন রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা।

অনুষ্ঠান শেষে স্কুল ও কলেজের নারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১০০টি মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কিট বিতরণ করা হয়।

এসএ/সিলেট