সিলেটের প্রবাসীদের সমস্যা সমাধানে...
সিলেট বিভাগের প্রায় ৩০ লাখ প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মূলধারার কমিউনিটি লিডার ও...
সিলেট প্রেসক্লাবে সালেহ চৌধুরী
ছবি সংগৃহীত
সিলেট বিভাগের প্রায় ৩০ লাখ প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মূলধারার কমিউনিটি লিডার ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি সালেহ চৌধুরী।
তিনি বলেছেন, প্রবাসীদের গুরুত্বপূর্ণ দাবিগুলো সরকারের কাছে যথাযথভাবে তুলে ধরতে জনপ্রতিনিধি, সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি তা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিক, আইনজীবী, শিক্ষকসহ সচেতন ও শিক্ষিত সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসা প্রয়োজন।
রোববার (২২ নভেম্বর) সিলেট প্রেসক্লাবে সাংবাদিক ও সূধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সালেহ চৌধুরী সিলেটের প্রবাসীদের যাতায়াত-সুবিধা, বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় সুবিধা এবং সড়ক যোগাযোগব্যবস্থা উন্নয়নে কয়েকটি দাবি তুলে ধরেন।
মতবিনিময়ে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের ফ্লাইট চালুর দাবি জানান। তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাই দুবাই, এয়ার অ্যারাবিয়া ও সালাম এয়ারের ফ্লাইট অবতরণ করছে। সিলেটের ৩০ থেকে ৩২ লাখ প্রবাসীর যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে বিশ্বের অন্যতম বৃহৎ এয়ারলাইনস কাতার এয়ারওয়েজের ফ্লাইট ওসমানী বিমানবন্দরে চালু করা প্রয়োজন। তাঁর ভাষ্য অনুযায়ী, কাতার এয়ারওয়েজ বিশ্বের ১৭০টি রুটে চলাচল করে এবং যুক্তরাষ্ট্রের ১১টি ও কানাডার দুটি শহরে ফ্লাইট পরিচালনা করে। এ সেবা চালু হলে ইউরোপ, আমেরিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিলেটের প্রবাসীরা আরও সহজে সরাসরি ওসমানী বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন।
ওসমানী বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে তিনি বলেন, ২০২০ সালে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ২৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের নির্ধারিত ২০২৭ সালের সময়সীমার মধ্যে নির্মাণকাজ শেষ করতে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ চালানোর দাবি জানান তিনি।
বিমানবন্দরের মসজিদ আধুনিকায়ন করে দোতলা ভবনে রূপান্তরেরও প্রস্তাব দেন সালেহ চৌধুরী। তাঁর মতে, মসজিদটি সম্প্রসারণ করা হলে হজ ও ওমরাহযাত্রীরা সেখান থেকে শেষবারের মতো ইহরাম পরে পবিত্র মক্কা-মদিনার উদ্দেশে যাত্রা করতে পারবেন। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য আরও সুন্দর ও পরিপূর্ণ ইবাদতের পরিবেশ তৈরি হবে। তিনি জানান, মসজিদ সম্প্রসারণে আনুমানিক ১০ কোটি টাকা ব্যয় হতে পারে। এ প্রসঙ্গে তিনি শাহজালাল মাজার মসজিদ কমপ্লেক্স নির্মাণে ১০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাবিত হিসাবের বিষয়টিও উল্লেখ করেন।
এয়ারপোর্ট-বাদাঘাট বাইপাস সড়কের কাজ নির্ধারিত সময়ে শেষ করার দাবি জানিয়ে তিনি বলেন, ২০২৩ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৮৩০ কোটি টাকার প্রকল্পটি অনুমোদিত হয়। ২০২৪ সালে নির্মাণকাজ শুরু হয়ে ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও পরে সময়সীমা বাড়িয়ে ২০২৭ সাল নির্ধারণ করা হয়। তবে বর্তমানে প্রকল্পের মাত্র ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ কাজ শেষ করার দাবি জানিয়ে তিনি বলেন, সড়কটি চালু হলে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পাশাপাশি দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ ও জগন্নাথপুরের মানুষ এবং প্রবাসীরা আম্বরখানার যানজট এড়িয়ে সহজে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে পাথরবাহী ট্রাকের চলাচলেও সুবিধা হবে।
এ ছাড়া বিমানবন্দর থেকে কাকুয়ারপাড়-সাহেব বাজার-খাদিম সংযোগ সড়কটি ২৪ ফুটে সম্প্রসারণের দাবি জানান তিনি। তাঁর মতে, সড়কটি সম্প্রসারিত হলে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বড়লেখা, জুড়ী, জাফলং, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার মানুষ, বিশেষ করে প্রবাসীরা আম্বরখানার যানজট এড়িয়ে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন।
সালেহ চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা শুধু প্রবাসীদের স্বার্থেই নয়, সিলেট বিভাগের সামগ্রিক উন্নয়নের জন্যও জরুরি। এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর। সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহসভাপতি জিয়াউল হক জিয়া, সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, মানবাধিকার হিউম্যান ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান দিলওয়ার হোসেন খান, অধ্যাপক জাহিদুল ইসলাম, আব্দুল মালিক অ্যাডভোকেট প্রমুখ।
এসএ/সিলেট