শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের চার সদস্য গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি। এ সময় তাদের কাছ থেকে চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) ভোরে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানাধীন রেলওয়ে গুদাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুর রউফ, একই এলাকার শফিক মিয়ার ছেলে আনারুল মিয়া, শায়েস্তাগঞ্জের বিরামচর এলাকার আব্দুল মন্নাফের ছেলে মনু মিয়া এবং বানিয়াচং উপজেলার হিয়ালা মক্রমপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে শরিফ উদ্দিন।

এসআরবির মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা 7E77, BGD88, Bee999 ও 558H.COM অ্যাপস ব্যবহার করে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার চারজনকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এসএ/সিলেট