নবীগঞ্জ হাসপাতালের ৪ লাখ টাকার ওষুধ উধাও হওয়ার ঘটনা চালক-হেলপার কারাগারে

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহের জন্য বরাদ্দ করা প্রায় চার লাখ টাকার সরকারি ওষুধের হিসাব দিতে না পারার অভিযোগে এক ট্রাকচালক ও তাঁর হেলপারকে কারাগারে পাঠানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের পর তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে এ ঘটনায় মামলা হলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো দুজন হলেন ট্রাকচালক অনুপ দেবনাথ ও তাঁর সহকারী (হেলপার) সজিব মিয়া। অনুপ যশোর সদরের নলভাঙ্গা বেজপাড়া এলাকার অশোক দেবনাথের ছেলে। সজিব যশোরের ঝিকরগাছা থানার হাজিরআলী গ্রামের খোকন মিয়ার ছেলে।

সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে অবস্থিত এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড থেকে সরকারি ওষুধ পরিবহনের দায়িত্ব দেওয়া হয় ট্রাকচালক অনুপ দেবনাথকে। তার সঙ্গে ছিলেন হেলপার সজিব মিয়া। ঢাকা মেট্রো-ড-১১-৭৪৫০ নম্বরের ট্রাকে চারটি চালানের ওষুধ তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ট্রাকটি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। পরে সরকারি গুদামে ওষুধ নামানোর সময় চালান অনুযায়ী হিসাব মিলিয়ে দেখা হয়। এ সময় দুটি চালানের ওষুধের হিসাব পাওয়া যায়নি। এর মধ্যে ১২৮৩০ নম্বর চালানের ফেরাস ফিউমারেট প্লাস ফলিক অ্যাসিডের ৭ হাজার ট্যাবলেট এবং ১০৮১৪৭ নম্বর চালানের পেন্টোপ্রাজল ২০ মিলিগ্রামের তিন কার্টন ওষুধ বুঝিয়ে দিতে পারেননি চালক ও হেলপার। এসব ওষুধের আনুমানিক মূল্য ৪ লাখ ৫৩০ টাকা।

এ নিয়ে হাসপাতালের স্টোরকিপার স্বর্ণা দাশের সঙ্গে চালক ও হেলপারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাঁদের নির্দেশে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ট্রাকচালক অনুপ দেবনাথ ও হেলপার সজিব মিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় হাসপাতালের স্টোরকিপার স্বর্ণা দাশ বাদী হয়ে ট্রাকচালক, হেলপার ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নবীগঞ্জ থানায় সরকারি ওষুধ আত্মসাতের অভিযোগে মামলা করেন। ১০ নভেম্বর মামলাটি দায়ের করা হয়। পরদিন বুধবার (১১ নভেম্বর) সকালে আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ট্রাকচালক অনুপ দেবনাথ। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সাজানো। স্টোরকিপার নিজের দায় এড়াতে তাঁদের ফাঁসিয়েছেন। তাঁদের কাছে যে পরিমাণ ওষুধ বুঝিয়ে দেওয়া হয়েছিল, তারা সেটুকুই পরিবহন করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন।

অন্যদিকে স্টোরকিপার স্বর্ণা দাশ বলেন, তিনি নিজে ঢাকায় অবস্থান করে চালক ও হেলপারের কাছে চালান অনুযায়ী ওষুধ বুঝিয়ে দিয়েছেন। কিন্তু নবীগঞ্জ হাসপাতালে পৌঁছানোর পর চার কার্টন ওষুধ বুঝিয়ে দিতে পারেননি তাঁরা। এতে সরকারের প্রায় চার লাখ টাকার ওষুধ বেহাত হয়েছে। তাঁদের কথাবার্তায় অসংগতি ও সন্দেহ দেখা দেওয়ায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মামলা দায়ের করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আত্মসাৎ হওয়া ওষুধ উদ্ধারে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


এসএ/সিলেট