হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল সিলেটের যুবকের

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত তানভীর হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা। তিনি সবরাজ মিয়ার ছেলে। তাঁর পৈতৃক বাড়ি সিলেটে। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর নানাবাড়ি লাখাইয়ে বেড়ে ওঠেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন। একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য মোটরসাইকেল নিয়ে হবিগঞ্জ শহরে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে রতনপুর এলাকায় একটি টমটমকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বিরতিহীন পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তানভীরের মৃত্যু হয়।

এসএ/সিলেট