মুরাদপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা ১১ ব্যক্তি ও যানবাহনকে

post-title

ছবি সংগৃহীত

সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ ব্যক্তি ও যানবাহনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে ২২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সিলেট সদর উপজেলার মুরাদপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) বিধি এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ১১(গ) বিধি অনুযায়ী জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রুকন মিয়া প্রসিকিউশন প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় এসএমআরবি সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, সিলেট বিভাগের অধীন জেলাগুলোতে এ ধরনের অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা পরিচালনা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার ও বিপণন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।


এসএ/সিলেট