সিলেট সীমান্তে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করল বিজিবি-এসআরবি

post-title

ছবি সংগৃহীত

সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার গভীর রাতে সীমান্তবর্তী জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশের প্রায় ৪০০ গজ অভ্যন্তরে একদল দুষ্কৃতকারী বিস্ফোরকসহ অবস্থান করছিল। এ সময় এসআরবির প্রযুক্তিগত সহায়তায় বিজিবির ডগ স্কোয়াড ইউনিটসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, চলতি বছরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে এ পর্যন্ত ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।

এসএ/সিলেট