সুনামগঞ্জে সিএনজিতে মিলল ১১৮ বোতল...
সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. দ্বীন ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় মাদক...
ছবি সংগৃহীত
নিজের সংসার চলে চানাচুর বিক্রি করে। থাকার জন্যও নেই নিজের ঘরবাড়ি। তবু পরের সম্পদের প্রতি কোনো লোভ নেই তাঁর। কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন সুনামগঞ্জের চানাচুর বিক্রেতা আমির উদ্দিন (৩৫)।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্যানগাড়ির চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। ব্যাগটি কুড়িয়ে নিয়ে ভেতরে প্রায় তিন ভরি স্বর্ণালংকার পান। পরে মালিকের সন্ধান পেয়ে প্রায় চার ঘণ্টার মধ্যে স্বর্ণালংকারসহ ব্যাগটি ফিরিয়ে দেন।
রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে প্রকৃত মালিক সজল তালুকদারের হাতে ব্যাগটি তুলে দেন আমির উদ্দিন। তাঁর সততায় মুগ্ধ হয়ে স্বর্ণালংকারের মালিক তাঁকে পাঁচ হাজার টাকা উপহার দেন।
সজল তালুকদার জানান, তিনি শহরের আবুল হোসেন রোডে পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। রোববার বিকেলে তাঁর স্ত্রী এক জোড়া স্বর্ণের চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি স্বর্ণালংকারের দোকানে যান। সঙ্গে ছিলেন সজল ও তাঁদের দুই শিশুসন্তান। কাজ শেষে তাঁরা আলফাত স্কয়ার হয়ে রিকশায় বাসায় ফেরেন। বাসার সামনে নেমে তাঁরা দেখতে পান, তাঁর স্ত্রীর হাতের ব্যাগটি নেই। কোথায় বা কীভাবে ব্যাগটি পড়ে গেছে, তা বুঝতে পারছিলেন না তাঁরা।
এরপর সজল দুই বন্ধুকে নিয়ে প্রথমে থানায় গিয়ে বিষয়টি জানান। পরে ব্যাগটির খোঁজ করতে থাকেন। একপর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান। এদিকে তাঁর বন্ধুরা অন্য একটি রিকশায় বাড়ি ফিরছিলেন। পথে সজলের স্ত্রীর স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হচ্ছিল। তাঁদের বহনকারী তরুণ রিকশাচালক আবু সাইদ কথাটি শুনে জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়েছেন এবং সেটির মালিককে খুঁজছেন। পরে সজলকে খবর দিয়ে বন্ধুরা আমির উদ্দিনের কাছে যান।
ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ কাছেই ছিলেন বলে জানান আমির উদ্দিন। তিনি বলেন, ‘সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরে ছেলেরে দিয়া ঘরও পাঠাইছি সাবধানে রাখবার লাগি। আমার দোকানও রাখা নিরাপদ না, তিনবার দোকান চুরি অইছে।’
আমির উদ্দিন শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা। তাঁর দাবি, সেখানে একটি ভাঙাচোরা ভাড়া ঘরে সপরিবারে থাকেন। নিজের কোনো ঘরবাড়ি নেই তাঁর। স্বর্ণালংকারগুলো রেখে দিতে পারতেন-এমন প্রশ্নের জবাবে আমির উদ্দিন বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’
আমির উদ্দিনের সততার প্রশংসা করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি বলেন, ‘থানায় জানানোর পর আমরা সজল তালুকদারের সঙ্গে লোক দিয়ে ব্যাগটির খোঁজ করি। পরে তাঁরা আমির উদ্দিনসহ থানায় আসে। আমির উদ্দিনকে ভালো লোক মনে হয়েছে। এ কারণে ব্যাগটি ফেরত পাওয়া গেছে।’
আমির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সজল তালুকদার। তিনি বলেন, ‘আমরা তিনটা মানুষ চার ঘণ্টা ব্যাগটা খুঁজছি। আমির উদ্দিন লোকটারে সরল মনে অইছে। টাকা নিতে চায়নি, জোর করে দিছি। আমার কাছে তখন এই টাকাই ছিল।’
এসএ/সিলেট
সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. দ্বীন ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় মাদক...
সুনামগঞ্জের ছাতকে মানহানির মামলার প্রধান আসামি তানভীর আহমদ জাকিরের আয়োজিত দাওয়াতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশগ্রহণ করাকে কেন্দ্র করে স্থানীয়...
সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে দিরাই পৌরসভার ঘাগটিয়া ও...
সুনামগঞ্জের ধর্মপাশায় সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায়...
সুনামগঞ্জের ছাতকে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৩৯) নামে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন। শুক্রবার রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে...