শাহপরাণে অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

সিলেটে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ থানাধীন বহর আবাসিক এলাকার বিআইডিসি পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-শাহপরাণ থানাধীন জাহানপুর মেজরটিলা এলাকার বাসিন্দা মৃত আয়ান উদ্দীনের ছেলে ইয়ামিন আহম্মেদ এবং বহর পশ্চিম আলবারাকা এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে রিফাত আহম্মেদ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত সোয়া ৯টার দিকে সুরমা বাইপাস সড়কের হৈরখাল ব্রিজ এলাকায় নাশকতার ঘটনা ঘটে। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬০ থেকে ৭০ জন নেতা-কর্মী ও সহযোগী দেশীয় অস্ত্র, লাঠি ও ইটের টুকরা নিয়ে সেখানে জড়ো হন। তাঁরা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন এবং সড়ক অবরোধ করেন। একপর্যায়ে যানবাহন ভাঙচুর ও নাশকতা চালানোর ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় শাহপরাণ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে ইয়ামিন আহম্মেদ ও রিফাত আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট