দালালের মাধ্যমে গ্রিসযাত্রা : ভূমধ্যসাগরে নিখোঁজ মাধবপুরের ৬ যুবক

post-title

সাত যুবকের মধ্যে লাল বৃত্ত যুবক মাসুম গ্রিসে পৌঁছেছেন, বাকি ছয়জন নিখোঁজ।

উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় যুবক। ভূমধ্যসাগরে প্লাস্টিকের নৌকায় ছিদ্র হয়ে দুর্ঘটনার পর থেকে তাঁদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

একই নৌযানে থাকা সাত যুবকের একজন জীবিত অবস্থায় গ্রিসে পৌঁছেছেন। তাঁর বর্ণনায় উঠে এসেছে সাগরে নৌকায় পানি ঢোকা, যাত্রীদের পানিতে পড়ে যাওয়া এবং মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ভয়াবহ অভিজ্ঞতা।

নিখোঁজের ১৫ দিন পার হলেও স্বজনরা তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না। সন্তান ও স্বজনদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর।

নিখোঁজ যুবকদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে তাঁরা লিবিয়ায় পাড়ি জমান। সেখান থেকে গত ৩১ অক্টোবর প্লাস্টিকের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন সাত যুবক।

তাঁদের মধ্যে রয়েছেন মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের দারগ আলীর ছেলে মাসুম মিয়া, একই গ্রামের নুরুল ইসলামের ছেলে পাবেল মিয়া ও ধনু মিয়ার ছেলে আতাউর মিয়া, কাউড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের হবির মিয়ার ছেলে নাঈম মিয়া এবং ছাতিয়াইন ইউনিয়নের ফরিদ মিয়ার ছেলে সাগর মিয়া। এ ছাড়া লাখাই উপজেলার হরিনাকোনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবুল মিয়াও তাঁদের সঙ্গে ছিলেন।

সাতজনের মধ্যে পুরাইকলা গ্রামের মাসুম মিয়া জীবিত অবস্থায় গ্রিসে পৌঁছেছেন। পরিবারের সদস্যদের কাছে তিনি জানান, তাঁদের নৌকায় প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। একপর্যায়ে ভূমধ্যসাগরের মাঝপথে প্লাস্টিকের নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। এরপর যাত্রীরা একে একে পানিতে পড়ে যান।

মাসুমের ভাষ্য অনুযায়ী, দুই দিন পর তিনি অচেতন অবস্থায় সাগরের তীরে ভেসে ওঠেন। জ্ঞান ফেরার পর আশপাশে কোনো জনবসতি দেখতে পাননি। পরে প্রায় তিন ঘণ্টা হেঁটে একটি বাড়ির সন্ধান পান। সেখানকার লোকজন তাঁকে সহযোগিতা করেন। এরপর তিনি গ্রিসে পৌঁছান।

মাসুমের দেওয়া এ বর্ণনার পর নিখোঁজ ছয় যুবকের পরিবারগুলোর মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। তাঁরা জীবিত আছেন, নাকি সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন—তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন স্বজনরা।

নিখোঁজদের পরিবারের দাবি, গ্রিসে পাঠানোর কথা বলে দালালকে প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু যাত্রার পর থেকে গত ১৫ দিন ধরে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নিখোঁজদের সন্ধান ও তাঁদের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

অভিযুক্ত দালাল হাফিজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। তাঁদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’

স্থানীয় ইউপি সদস্য নিজাম আহমেদ জানান, বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে ওই যুবকেরা গ্রিস যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। সাতজনের মধ্যে একজন গ্রিসে পৌঁছেছেন। বাকি ছয়জনের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। নিখোঁজদের পরিবারগুলো খুবই উদ্বিগ্ন।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/সিলেট