কোম্পানীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জামাল আর নেই

post-title

ছবি সংগৃহীত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন আর নেই।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হৃদরোগজনিত অসুস্থতায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, মা, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ আসর উপজেলার কাঁঠালবাড়ি চৌমুহনী বাজার আলিম মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জানাজায় কয়েক হাজার মুসল্লি অংশ নেন। পরে স্বজনরা তাঁকে পঞ্চায়েতি কবরস্থানে দাফন করেন।

জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে পরিচিত শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের মৃত্যুতে কোম্পানীগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

এক শোকবার্তায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সোহরাব আহমদ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

জানাজার আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য দেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট কামাল হোসাইন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান (মনাফ হাজী), সাবেক সভাপতি হাজী সাহাব উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুব আলী, কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মোছাব্বির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আজমান আলী, সদ্য সাবেক আমির ফয়জুর রহমান, ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, আলমগীর আলম, বিএনপি নেতা জুয়েল, কাঁঠালবাড়ী চৌমুহনী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আশিকুর রহমান, মরহুমের পরিবারের পক্ষ থেকে হাজী জিয়াদ আলী চেয়ারম্যান এবং ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহ।

এসএ/সিলেট