উন্নয়ন কাজ পরিদর্শন

নগরীর অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক সংস্কার-প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক

post-title

ছবি সংগৃহীত

নগরীর অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক পর্যায়ক্রমে সংস্কার ও প্রশস্ত করা হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, আগামী দিনে নগরীতে কোনো কাঁচা সড়ক থাকবে না। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক প্রকল্পের কাজ চলমান রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমার পুরাতন রেলওয়ে স্টেশন রোড এলাকায় সড়ক ও ড্রেনের চলমান উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির নগরীর উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। উন্নয়নের মাধ্যমে সিলেটের চেহারা বদলে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। নগরীর সড়ক সংস্কারে বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে, কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না।

তিনি আরও বলেন, নগরীতে জনসংখ্যা ও যানবাহনের চাপ বাড়ছে। এ বাস্তবতায় সড়ক অপ্রশস্ত রেখে উন্নয়ন করার সুযোগ নেই। ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় সড়ক প্রশস্ত করা হচ্ছে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সড়কের দুই পাশে আগে ড্রেন নির্মাণ করা হচ্ছে।

সড়ক প্রশস্ত করার জন্য যাঁরা স্বেচ্ছায় নিজেদের জমি ছেড়ে দিচ্ছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান সিসিক প্রশাসক।

এ সময় সিসিকের সহকারী প্রকৌশলী লিপু সিংহ, উপসহকারী প্রকৌশলী দেবব্রত দাশ তালুকদার, সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সিসিক প্রশাসক নগরীর ৯ নম্বর ওয়ার্ডের মদিনা মার্কেট এলাকায় ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারি, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান কামরুল, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট