দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা, লোগো উন্মোচন

শিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে এগিয়ে নিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

post-title

ছবি সংগৃহীত

শিক্ষকদের ত্যাগ, দায়িত্ববোধ ও আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ও খেলাধুলার গৌরব ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। এ জন্য দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের একটি কেন্দ্রীয় কমিটির মাধ্যমে নিবন্ধনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাতে দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা ও লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন এবং লোগো উন্মোচন করেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, অতীতে কী হয়েছে, তা নিয়ে না ভেবে বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এর সার্বিক উন্নয়নে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এই বিদ্যালয় থেকে অতীতে বহু কৃতী শিক্ষার্থী চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, রাজনীতিবিদ ও খেলোয়াড় হিসেবে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁদের সম্মিলিত অংশগ্রহণে শতবর্ষের আয়োজন আরও জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় করে তোলা সম্ভব।

বিদ্যালয়ের জাতীয়করণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব উপস্থাপন করা হবে। বর্তমান প্রজন্মের বিদেশে যাওয়ার প্রবণতা ও কর্মসংস্থানের সুযোগ বিবেচনায় বিদ্যালয়ে একটি আধুনিক ভোকেশনাল সেন্টার এবং ভাষা শিক্ষার বিশেষ কারিকুলাম চালুর ওপরও গুরুত্ব দেন তিনি।

শিক্ষাক্ষেত্রে সরকারি ও মন্ত্রণালয়ের সহযোগিতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শতবর্ষ উদযাপন যেন গুণগত মানসম্পন্ন ও স্মরণীয় হয়, সে জন্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টসহ সর্বাত্মক সহযোগিতায় তিনি ব্যক্তিগতভাবে পাশে থাকবেন।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি শিক্ষকদের অতুলনীয় দায়িত্ববোধ, কঠোর তদারকি ও ত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শিক্ষকদের সেই আদর্শ ধারণ করে বিদ্যালয়ের পুরোনো গৌরব পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদের সভাপতিত্বে এবং সদস্যসচিব অভিমন্যু ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দি এইডেড হাই স্কুলের গভর্নিং বডির সভাপতি মো. বদরুজ্জামান সেলিম। তিনি বলেন, শতবর্ষের এই গৌরবোজ্জ্বল আয়োজন বিদ্যালয়ের শত বছরের ঐতিহ্য, শিক্ষা, সাফল্য ও গৌরবময় পথচলার এক অনন্য স্মারক হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য, ব্যবসায়ী ফরিদ বকস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রানা কুমার সিনহা, অবসরপ্রাপ্ত মেজর আমিন, ডিআইজি মো. জাবেদুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমশের আলী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ডা. মোস্তফা শাহজামাল বাহার, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক বনমালী কুমার রায়, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জজ কোর্টের সহকারী অতিরিক্ত এপিপি আব্দুল মুকিত অপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে শতবর্ষ উদযাপনের লোগো নির্বাচনে ভূমিকা রাখেন শামসুল বাছিত শেরো ও ফয়সল মো. মহসিন। লোগোটি ডিজাইন করেন ইসমাইল গনি হিমন। ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক লোগো সংবলিত টি-শার্ট উপহার দেন। আপ্যায়নে সহযোগিতা করেন সমাজকর্মী মোহাম্মদ এহছানুল হক তাহের।

অনুষ্ঠান সফল করতে সম্মিলিত প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ।

এসএ/সিলেট