জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে নির্যাতন

post-title

ছবি সংগৃহীত

কহেল রানা চৌধুরী :: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ঘরে থাকা বৃদ্ধ স্বামী-স্ত্রীকে শারীরিক নির্যাতন করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে স্বজনরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গত শনিবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার শাহগলী বাজারসংলগ্ন বোরহানপুর গ্রামে সাবেক সৌদি প্রবাসী জগলুর রহমান চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডাকাতরা বাড়িতে ঢুকে জগলুর রহমান ও তাঁর স্ত্রীকে শারীরিক নির্যাতন করে। এ সময় প্রবাসে থাকা তাদের একমাত্র ছেলে মোবাইল ফোনে সিসি ক্যামেরার দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে দেশে আত্মীয়স্বজনদের ফোন করেন।

তাদের দ্রুত উদ্ধারের অনুরোধ জানান তিনি। পরে আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। প্রাথমিক তথ্য অনুযায়ী, ডাকাতরা বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে জকিগঞ্জ থানায় ফোন করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একজন জানিয়েছেন, পুলিশ সেখানে পৌঁছে ঘটনার তদন্ত করছে।



এসএ/সিলেট