অসুস্থ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার পাশে সিউক চেয়ারম্যান কয়েস লোদী

post-title

ছবি সংগৃহিত

সিলেটের সাংবাদিকতা ও আলোকচিত্র জগতের পরিচিত মুখ প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতা অসুস্থ। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে ক্যামেরায় সিলেটের ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন-সংগ্রাম ও নানা ঘটনাপ্রবাহ ধারণ করে আসা এই আলোকচিত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাসায় গেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

বুধবার সন্ধ্যায় তিনি আতাউর রহমান আতার বাসায় যান। এ সময় তাঁর সঙ্গে কিছু সময় কাটান, চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।

১৯৭৩ সালে স্বাধীনতা-পরবর্তী সময়ে সিলেটে ফটোসাংবাদিকতা শুরু করেন আতাউর রহমান আতা। এরপর দীর্ঘ কর্মজীবনে ক্যামেরার লেন্সে ধারণ করেছেন সিলেটের অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা, আন্দোলন-সংগ্রাম, মানুষের জীবনযাত্রা ও সমাজের পরিবর্তন। সময়ের নানা বাঁক ও ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তাঁর আলোকচিত্রে সংরক্ষিত হয়েছে।

সিলেটের সাংবাদিকতা অঙ্গনে আতাউর রহমান আতা শুধু একজন ফটোসাংবাদিক নন, কয়েক প্রজন্মের সাংবাদিকের কাছেও তিনি অভিজ্ঞতা ও পেশাদারত্বের পরিচিত নাম। দীর্ঘদিন ধরে দৈনিক সিলেট বাণীর চিফ ফটোসাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পেশার প্রতি নিষ্ঠা এবং ক্যামেরার প্রতি গভীর ভালোবাসা তাঁকে পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিলেটের পথে-প্রান্তরে সক্রিয় রেখেছে।

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।

দীর্ঘ কর্মময় জীবনে ক্যামেরা হাতে ছুটে চলা এই প্রবীণ ফটোসাংবাদিক অসুস্থতার কারণে এখন ঘরেই সময় কাটাচ্ছেন। তাঁর ক্যামেরায় ধারণ করা অসংখ্য মুহূর্ত সিলেটের সাংবাদিকতা, ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক হয়ে রয়েছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর দ্রুত সুস্থতা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা করছেন।

এসএ/সিলেট