পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযান

জকিগঞ্জে তিন অবৈধ ইটভাটাসহ সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৬ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

post-title

ছবি সংগৃহিত

সিলেটের জকিগঞ্জে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাগুলোর কাঁচা ইট ধ্বংসের পাশাপাশি চিমনি ভেঙে দেওয়া হয়। একই অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে আরও চার ব্যক্তিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৬ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে জকিগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০২৩ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী এসব জরিমানা করা হয়।

অভিযানে সোনাসার এলাকার সোনাসার ব্রিকস-২-কে এক লাখ টাকা, বারঠাকুরী এলাকার মেসার্স বি.বি.এফ বারঠাকুরী ব্রিকসকে দুই লাখ টাকা এবং বারহাল এলাকার মেসার্স মনসুর ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া কালিগঞ্জ বাজার এলাকায় আব্দুল হারিছকে ১০ হাজার টাকা, শরিফুল ইসলামকে ১০ হাজার টাকা, আব্দুল হালিমকে ১০ হাজার টাকা এবং দিপঙ্কর বিশ্বাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির প্রসিকিউশন প্রদান করেন। এ সময় পুলিশ, ব্যাটালিয়ন আনসার, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক জানান, পরিবেশদূষণ রোধে বিভাগের অধীন জেলাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড় ও টিলা কর্তন, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এসএ/সিলেট