কানাইঘাটের আইন-শৃঙ্খলার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে: এমপি আবুল হাসান

post-title

ছবি সংগৃহিত

সিলেটের কানাইঘাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদান করে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবিকে নির্দেশ দিয়েছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। 

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা সভা কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি মুফতি আবুল হাসান এ নির্দেশ প্রদান করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিটির সভাপতি সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি মুফতি আবুল হাসান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব-পাচার বন্ধ এবং চোরাচালান প্রতিরোধে যা যা করণীয় তা অবশ্যই বিজিবি ও থানা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সম্পৃক্ত করে ব্যবস্থা নিতে হবে। তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক আমাদের তরুণ ও যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যারা মাদক কেনাবেচার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পাশাপাশি তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ যেকোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে থানা পুলিশকে নিষ্ঠার সাথে পালন এবং সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বানন জানান। 

আইন-শৃঙ্খলা কমিটির সভায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সীমান্ত এলাকায় চোরাচালানের বিষয়টি তুলে ধরে বলেন, গত ২ মাসে চোরাচালান বহনকারী গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো কয়েকজন। চোরাকারবারীরা কোনকিছুর তোয়াক্কা করছে না, বেপরোয়া ভাবে চোরাই পণ্যবাহী গাড়ীগুলোর কারনে বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। সীমান্ত এলাকায় চোরাচালান ও মানবপাচার বন্ধে বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরার জন্য সাংসদ মুফতি আবুল হাসানের প্রতি আহ্বান জানান। 

আইন-শৃঙ্খলা কমিটির সভায় জনপ্রতিনিধিরা তাদের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে বরাদ্দ বাড়ানো সহ বিভিন্ন দাবি-দাওয়া সাংসদ আবুল হাসানের কাছে তুলে ধরলে তিনি বলেন, ইতিমধ্যে কানাইঘাট ও জকিগঞ্জের অনেক বড় বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে তিনি কথা বলেছেন, পর্যায়ক্রমে মানুষের দীর্ঘদিনের প্রাপ্তি ও প্রত্যাশা পূরণ হবে বলে জানান। সেই সাথে তিনি আগামী ৩ ডিসেম্বর মহান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এর কানাইঘাট ও জকিগঞ্জ আগমনকে সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের মানুষের সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সহিত কাজ করার নির্দেশনা প্রদান করেন। 

আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ স্বপ্নীল সৌরভ রায়, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওলানা জামার উদ্দিন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। 

এর আগে সাংসদ মুফতি আবুল হাসান কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়নের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসা কবরস্থানে শায়িত ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় শাহাদতবরণকারী শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম এর সমাধিস্থল পরিদর্শন করেন। প্রসজ্ঞত যে, আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম এর সমাধিস্থল পরিদর্শন ও মোনাজাতে আসবেন। 


এসএ/সিলেট