কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় স্কুলছাত্র গুরুতর আহত

post-title

ছবি সংগৃহিত

কানাইঘাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চোরাইপণ্যবাহী একটি পিকআপের ধাক্কায় অভিরাজ কুমার রুহন নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ দ্বিতীয় খণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিরাজ কুমার রুহন ওই গ্রামের দিলীপ কুমারের ছেলে। সে সুরইঘাট শাহজালাল একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্কুল ছুটির পর একটি টমটমে করে বাড়ি ফিরছিল সে। পথে লাল মসজিদের পাশে পৌঁছালে সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি এলাকা থেকে আসা ভারতীয় চোরাইপণ্যবাহী একটি টাটা পিকআপ বেপরোয়া গতিতে টমটমটিকে ধাক্কা দেয়। এতে অভিরাজসহ টমটমের কয়েকজন যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অভিরাজকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার মাথায় গুরুতর আঘাত থাকায় সেখান থেকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিরাজের বাবা দিলীপ কুমার জানান, ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট নগরের পপুলার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কয়েকজনের দাবি, বেপরোয়া গতিতে চলাচলকারী ভারতীয় চোরাইপণ্যবাহী গাড়ির ধাক্কায় এর আগেও এলাকায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তারা।

এসএ/সিলেট