কানাইঘাটে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ ৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯২০ কেজি চিনি ও জিরা, কিসমিস, শাড়ি এবং ফেসওয়াশ।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় এ অভিযান চালায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২০০ কেজি ভারতীয় চিনি, ৩০ কেজি কিসমিস, ৬৯০ কেজি জিরা, ১৫টি বিভিন্ন ধরনের শাড়ি এবং ৬২০টি ফেসওয়াশ। এসব পণ্যের সিজারমূল্য ১২ লাখ ৮ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

এসএ/সিলেট