সিলেটে পরিবহন কর্মবিরতি নিয়ে মালিক-শ্রমিক সংগঠনগুলোর পাল্টাপাল্টি অবস্থান

post-title

প্রতীকি ছবি

সিলেটে সোমবার থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি নিয়ে মালিক-শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। তিন দফা দাবিতে কর্মবিরতির পক্ষে অবস্থান নিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ এবং সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

অন্যদিকে, এ কর্মসূচির সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন। কর্মবিরতিকে অযৌক্তিক আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছেন পরিবহন মালিক সমিতি, সিলেটের আহ্বায়ক লোকমান আহমদও।

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের এ কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে কর্মসূচি ঘিরে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের বিপরীতমুখী অবস্থানে কর্মবিরতির ব্যাপ্তি ও প্রভাব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পরিবহন মালিক সমিতি, সিলেটের আহ্বায়ক লোকমান আহমদ জানিয়েছেন, তাদের সংগঠন এ ধর্মঘট সম্পর্কে অবহিত নয়। তিনি ঘোষিত কর্মসূচিকে অযৌক্তিক আখ্যা দিয়ে বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

অন্যদিকে, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, তারা ঘোষিত কর্মবিরতিতে অংশ নেবেন না। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলীতে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় কর্মবিরতির সঙ্গে সম্পৃক্ত না থাকার আনুষ্ঠানিক ঘোষণা দেন তারা।

সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, সোমবারের ঘোষিত কর্মসূচি আদালত অবমাননার শামিল বলে তারা মনে করেন। এ ধরনের কর্মসূচি সরকারকে বেকায়দায় ফেলার পাশাপাশি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

সভায় সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের টানা চারবারের নির্বাচিত সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা।

এদিকে, একই দিন দুপুরে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সোমবারের কর্মবিরতি সফল করার আহ্বান জানানো হয়।

ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় নেতারা বলেন, ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সভায় জানানো হয়, তিন দফা দাবি আদায়ে গত ৮ নভেম্বর প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। এরপরও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ১২ নভেম্বর সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের সভায় ১৬ নভেম্বর ভোর ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মসূচির তিন দফা দাবির মধ্যে রয়েছে-সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার; সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের স্থান নিশ্চিত করা; এবং ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে পরিবহন বন্ধসহ নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান।

সভায় শ্রমিক নেতারা বলেন, কদমতলী টার্মিনালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ইউনিয়নের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। তাদের দাবি, প্রাথমিক তদন্তে নেতাদের জড়িত থাকার প্রমাণ না মিললেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগপত্রে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অবিলম্বে মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করতে হবে।

তারা আরও বলেন, নগরীর বিভিন্ন স্থানে সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের পার্কিংয়ে বাধা দেওয়া হচ্ছে। পার্কিং করলে মামলা দেওয়া হচ্ছে। অন্যদিকে, ট্রাক-পিকআপের মালামাল ঝুঁকিপূর্ণভাবে ইজিবাইক ও টমটমে পরিবহন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালান গ্রহণ করা হলেও নম্বর দেওয়া বন্ধ রয়েছে।

এসব দাবি আদায়ে সোমবার ভোর ৬টা থেকে সিলেট জেলায় শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের জন্য পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান তারা।

এসএ/সিলেট