সিলেট লাক্কাতুরা বাজার পুলিশ অভিযানে

৮.৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ নোহা মাইক্রোবাস জব্দ

post-title

বানী

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে সাড়ে আট লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮:১৫ ঘটিকায় এসআই (নিঃ) মোহাম্মদ সরওয়ার্দীর নেতৃত্বে একটি পুলিশ টিম এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার সংলগ্ন মসজিদ গলির মুখে টহল দিচ্ছিল। 

এসময় একটি মোটরসাইকেল ও একটি নোহা মাইক্রোবাসকে দুর্ঘটনাকবলিত অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা। স্থানীয়দের সহায়তায় দ্রুত মোটরসাইকেল আরোহীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলেও, সুযোগ বুঝে নোহা গাড়ির চালক গাড়িটি লক করে চাবি নিয়ে পালিয়ে যায়।

​পরবর্তীতে সন্দেহভাজন নোহা গাড়িটি (রেজিঃ নং- সিলেট-চ-৫১-০১৪২) তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে গাড়িটির ভেতর থেকে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ভ্যাসলিন ডিপ ময়েশ্চার, হেড অ্যান্ড শোল্ডারস শ্যাম্পু, এনচেন্টার বডি স্প্রে, বেবি অয়েল, বেবি শ্যাম্পু ও পন্ডস স্কিন কেয়ার সামগ্রী। উদ্ধারকৃত প্রসাধনীর সর্বমোট বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৫১ হাজার ৯৪৫ টাকা।

এ বিষয়ে সিলেটের এয়ারপোর্ট থানায় দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ (বিশেষ ক্ষমতা আইন)-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৪, তারিখ: ০৪/০৯/২০২৬ খ্রিঃ)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,​ জব্দকৃত নোহা গাড়ির পলাতক চালকসহ চোরাচালানের সাথে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফাতারের লক্ষ্যে অভিযান জোরদার করা হয়েছে।

জুয়ে/সিলেট