মাধবপুর থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার

post-title

ছবি সংগৃহিত

হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টার মাথায় সিলেটের শাহপরান এলাকায় এক স্কুলছাত্রকে ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া কিশোরের নাম সৈয়দ সাদাফ, উপজেলার নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ে সে।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে তিন-চারজনের একটি দল সাদাফের মাথায় আঘাত করে তাকে জোর করে একটি হাইএস গাড়িতে তুলে নেয়। এরপর দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়ানো হয় তাকে।

সাদাফের ভাষ্য, গাড়িতে থাকা লোকজন নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিল। রাত শেষ হওয়ার আগমুহূর্তে সিলেটের জাফলং সড়ক ঘেঁষা শাহপরান এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে চলে যায় অপহরণকারীরা।

পরদিন সকালে এলাকাবাসী ও এক সিএনজি অটোরিকশাচালকের চোখে পড়ে তার অবস্থান, এরপর খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা।

মাধবপুর থানার ওসি সোহেল রানা এ বিষয়ে বলেন, অপহরণের বিষয়টি আমি শুনিনি। এ ঘটনায় থানায় কেউ কোনো সাধারণ ডায়েরিও (জিডি) করেনি। তবে অভিভাবকদের সন্তানদের বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।

এসএ/সিলেট