খাল খননের সময় ওড়নার টাকা নেওয়ার অভিযোগ, কথা-কাটাকাটির একপর্যায়ে হামলা; হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

ছাতকের চরমহল্লায় সামান্য পনেরশত টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল হানিফার

post-title

তাজিদুল ইসলাম

সুনামগঞ্জের ছাতকে টাকা নিয়ে বিরোধের জেরে জামাল উদ্দিনের ছুরিকাঘাতে হানিফা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরদুর্লভ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে খাল খননের সময় হানিফা বেগমের সাথে থাকা ১ হাজার ৫০০ টাকা জামাল উদ্দিন নিয়ে গেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জামাল উদ্দিন ছুরি দিয়ে হানিফা বেগমকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হানিফা বেগম চরদুর্লভ গ্রামের লাল মিয়ার স্ত্রী। অভিযুক্ত জামাল উদ্দিন একই গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। সম্পর্কে তিনি নিহত হানিফা বেগমের ভাতিজা।

ঘটনার খবর পেয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ওসি জানান, নিহতের স্বজনরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএ/ছাতক