নগর ও আশপাশের এলাকায় সবুজায়নের উদ্যোগ

সিলেট নগর ও আশপাশে ২৫ লাখ গাছ লাগাবে সিউক

post-title

ছবি সংগৃহিত

সিলেট নগর ও আশপাশের এলাকায় ২৫ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে সিউকের সামাজিক কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নগরের হাউজিং এস্টেট এলাকায় বৃক্ষরোপণ করেছেন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

বৃক্ষরোপণকালে কয়েস লোদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সামাজিক কর্মসূচির আওতায় ২৫ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে হাউজিং এস্টেট এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে।

তিনি বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নও সমান গুরুত্বপূর্ণ। বৃক্ষ পরিবেশের প্রাণ। তাই নগরের উন্নয়ন পরিকল্পনায় সবুজায়নকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

সিউক চেয়ারম্যান আরও বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ঐতিহ্য ধরে রাখতে পরিকল্পিত বৃক্ষরোপণের বিকল্প নেই। নগরের উন্মুক্ত স্থান ও সড়কের পাশে উপযুক্ত জায়গায় গাছ লাগানো হলে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিশ্ব বসতি দিবস উপলক্ষে সিউকের দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে ২৫ লাখ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর ধারাবাহিকতায় নগরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম চলছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদ, হাজী আব্দুর রহিম, তোফায়েল আহমদ চৌধুরী, ডা. মুজীবুর রহমান, আশরাফ গাজী, আ. সামাদ চৌধুরী তনু, রুহুল কুদ্দুস চৌধুরী মাসুম, আবিদ আহমদ রফি, আদনান আহমদ ও নাইমুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সিউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট