নগরীতে দুই বাসে অগ্নিসংযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

নগরীতে বাসে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত সাড়ে ১২টার দিকে নগরের নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাত ৩টা ১০ মিনিটের দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়ন পরিষদের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে চলাচলকারী সাদা পাথর এক্সপ্রেসের দুটি বাসের পেছনের টায়ারে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাদের সহযোগীরা আগুন দিয়ে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন গ্রুপে যুক্ত ছিলেন। এসব গ্রুপের মাধ্যমে তারা সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল-মাসুদ। তিনি এয়ারপোর্ট থানার লালবাগ বাছাটিলা এলাকার সৈয়দ মকসুদ হোসেনের ছেলে। মহানগর ছাত্রলীগের উপসম্পাদক (উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক) আব্দুল কাদির বাপ্পি। তিনি এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকার মফিজ মিয়ার ছেলে। ছাত্রলীগের কর্মী মো. সৈয়দ শাকীব। তিনি এয়ারপোর্ট থানার বড়শলা এলাকার সৈয়দ মাহবুবুর রহমানের ছেলে।

অপর গ্রেপ্তার ব্যক্তি মো. জাহেদ । তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকার মৃত ছানা মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরের এয়ারপোর্ট থানার খাসদবীর এলাকায় বসবাস করেন।

এসএ/সিলেট