দক্ষিণ সুরমায় ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ আটক ২

post-title

ছবি সংগৃহীত

দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ২৯টি ভারতীয় টায়ারসহ একটি পিকআপ জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পিকআপে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা টায়ারগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ১১ হাজার টাকা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী পয়েন্ট এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে এ অভিযান চালানো হয়।

এসএমপির ডিবি পুলিশ জানায়, ফোরহুইলস অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে একটি মাহিন্দ্রা পিকআপে (ঢাকা মেট্রো-ন-২০-৫৩৩৩) তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপ থেকে ২৯টি ভারতীয় টায়ার উদ্ধার করা হয়। পরে পিকআপসহ দুই আরোহীকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সিলেটের কানাইঘাট উপজেলার গৌরীপুর গ্রামের সুরুজ আলীর ছেলে হারুন রশিদ এবং একই উপজেলার বায়মপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ফয়েজ উদ্দিন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে।

এসএ/সিলেট