কানাইঘাটে ৯৬০ কেজি সালফারসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৯৬০ কেজি সালফার টুকরাভর্তি একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জাকির আহমদ  নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় অপর এক আসামি পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

রোববার (১১ অক্টোবর) ভোররাত আনুমানিক ৩টায় কানাইঘাট উপজেলার ৫ নং বড়চতুল ইউনিয়নের চতুল বাজার এলাকায় একটি পেট্রোল পাম্পের প্রায় ১০০ গজ পশ্চিমে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় পিকআপে থাকা ৯৬০ কেজি সালফার টুকরা জব্দ করা হয়। জব্দ করা সালফারের আনুমানিক মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা।

গ্রেপ্তার জাকির আহমদ কানাইঘাট উপজেলার বাউরভাগ ১ম খণ্ড এলাকার আব্দুস শুক্কুরের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার জাকির ও পলাতক অপর ব্যক্তির বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইনে রুজু করা হয়েছে।

মামলার তদন্তভার উপপরিদর্শক সুব্রত চন্দ্র দাসের ওপর দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট