হারানো ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল এসএমপি

post-title

ছবি সংগৃহীত

সিলেটে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট। দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মালিকরা।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা এসএমপি ও ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার পুরোনো মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বিক্রেতার পরিচয়, বৈধ কাগজপত্র ও ফোনের আইএমইআই (IMEI) নম্বর যাচাই করার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, মোবাইল ফোন ব্যবহারে সবাইকে সতর্ক থাকতে হবে। ফোন হারিয়ে গেলে দ্রুত নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট পুলিশ ইউনিটকে জানাতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংরক্ষণ করতে হবে।

হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ায় ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের ধন্যবাদ জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, জনসাধারণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

এসএ/সিলেট