পতনের পর বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে জোরালো উত্থান

post-title

ছবি সংগৃহিত

সাম্প্রতিক বড় দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে জোরালো পুনরুদ্ধার দেখা গেছে। কম দামে কেনার প্রবণতা এবং আগের কেনাবেচার হিসাব গুটিয়ে নেওয়ার কারণে মূল্যবান এই দুই ধাতুর বাজার আবার চাঙা হয়ে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কায় এই উত্থান কত দিন স্থায়ী হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭২ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। একই দিন যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের অগ্রিম দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৭১ দশমিক ৯০ ডলার হয়েছে। অন্যদিকে, প্রতি আউন্স রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৪ দশমিক ২৭ ডলারে উঠেছে।

লাইভমিন্টের খবর অনুযায়ী, ভারতের এমসিএক্স বাজারে ডিসেম্বরের স্বর্ণের অগ্রিম দাম প্রতি ১০ গ্রামে ১ লাখ ২২ হাজার ২৭২ রুপি এবং রুপার দাম প্রতি কেজিতে ১ লাখ ৪৫ হাজার ৮৪৩ রুপিতে সপ্তাহ শেষ করেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে প্রযুক্তি খাতের শেয়ারবাজারে অস্থিরতা কিছুটা কমেছে। এতে স্বর্ণ ও রুপা বিক্রির চাপও কমে আসে। পাশাপাশি কম দামে কেনার আশায় বিনিয়োগকারীরা বাজারে ফিরতে শুরু করায় দাম বাড়ছে।

তবে গত অক্টোবরে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩ দশমিক ৩ শতাংশে পৌঁছানো এবং দেশটির অর্থনীতির গতি প্রত্যাশার চেয়ে ভালো থাকায় সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সুদের হার বাড়লে স্বর্ণ ও রুপার মতো মূল্যবান ধাতুতে বিনিয়োগের আকর্ষণ কমে যেতে পারে।

ব্রিকওয়ার্ক রেটিংসের গবেষণা প্রধান রাজীব শরণ মনে করেন, আগামী কিছুদিন প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৪৫০ থেকে ৩ হাজার ৭৫০ ডলারের মধ্যে থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে একসঙ্গে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ না করে ধাপে ধাপে অল্প অল্প করে কেনা ভালো। কারণ, স্বর্ণের দাম এখন থেকে দীর্ঘ সময় ধরে বাড়তে থাকবে, এমন নিশ্চয়তা নেই।

এসএ/সিলেট