বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন করলেন ইলিয়াসপুত্র ব্যারিস্টার আরবাব

post-title

ছবি সংগৃহিত

আসন্ন ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ অংশ নিতে বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলের জার্সি উন্মোচন করেন ব্যারিস্টার আরবাব ইলিয়াস অর্ণব।

সিলেট জেলা স্টেডিয়ামে জেলার ১৪টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। জার্সি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বিশ্বনাথ উপজেলা ফুটবল দল টুর্নামেন্টে দুইবারের চ্যাম্পিয়ন।

অনুষ্ঠানটি সহযোগিতা করে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে। আগামী রোববার (২৯ নভেম্বর) বালাগঞ্জ উপজেলা ফুটবল দলের মুখোমুখি হবে বিশ্বনাথ উপজেলা ফুটবল দল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠক দিলোয়ার হোসেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং সংস্থার সদস্যসচিব ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) সুজন আহমদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান, উপজেলা ফুটবল দলের জার্সি ডিজাইনার আবু শাহাদাৎ মোহাম্মদ মনসুর এবং উপজেলা ছাত্রদলের সভাপতি হোসাইন আহমেদ প্রবেল। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট