৫ লাখ ৩২ হাজারের বেশি ভোট, ২৫ ওয়ার্ডের ১৯টিতে জয়; কাউন্সিলেও বড় পরিবর্তন

টরন্টোতে রেকর্ড গড়ে টানা দ্বিতীয়বার মেয়র অলিভিয়া চাউ

post-title

সংগৃহীত

কানাডার টরন্টো সিটির পৌর নির্বাচনে রেকর্ড ভোটে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছেন অলিভিয়া চাউ। বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়ে টরন্টোর নির্বাচনী ইতিহাসে মেয়র পদে সর্বোচ্চ ভোট পাওয়ার নতুন রেকর্ড গড়েছেন তিনি।

সোমবার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ও প্রায় শতভাগ কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, অলিভিয়া চাউ পেয়েছেন ৫ লাখ ৩২ হাজারেরও বেশি ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড পেয়েছেন প্রায় ৪ লাখ ৪ হাজার ভোট। ২৫টি ওয়ার্ডের মধ্যে ১৯টিতেই জয় পেয়েছেন চাউ। স্কারবোরোর ছয়টি ওয়ার্ডের সবকটিতে জয় পেয়ে নগরজুড়ে নিজের জনসমর্থনের শক্ত অবস্থানও জানান দিয়েছেন তিনি।

এদিকে কাউন্সিলর পদেও এসেছে বড় ধরনের পরিবর্তন। ওয়ার্ড ৫ (ইয়র্ক সাউথ-ওয়েস্টন)-এ টরন্টোর দীর্ঘদিনের কাউন্সিলর ফ্রান্সিস নুঞ্জিয়াতাকে হারিয়ে চমক দেখিয়েছেন টেন্যান্ট অ্যাডভোকেট কিয়ারা পদোভানি।

ওয়ার্ড ১৯ (বিচেস-ইস্ট ইয়র্ক)-এ ব্র্যাডফোর্ডের ছেড়ে দেওয়া আসনে জয় পেয়েছেন সাবেক লিবারেল এমপি নেট আরস্কিন-স্মিথ। তিনি পেছনে ফেলেছেন সিটিভি নিউজের সাবেক সাংবাদিক নাটালি জনসনকে। অন্যদিকে, ওয়ার্ড ২০ (স্কারবোরো সাউথওয়েস্ট)-এ প্রতিদ্বন্দ্বী কেভিন রুপাসিংহেকে হারিয়ে নিজের আসন ধরে রেখেছেন পার্থি কান্দাভেল।

নির্বাচনে ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। প্রায় ৪৬ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে। আবাসনসংকট, বাড়িভাড়া, জীবনযাত্রার ব্যয় এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নসহ গুরুত্বপূর্ণ নগর ইস্যুতে অলিভিয়া চাউয়ের নীতির প্রতি ভোটারদের আস্থাই তাঁর জয়ের অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আগামী নভেম্বরেই নতুন সিটি কাউন্সিলের শপথ নেওয়ার কথা রয়েছে। বিপুল জনসমর্থন নিয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়া অলিভিয়া চাউ ও নবনির্বাচিত কাউন্সিলররা নির্বাচনী প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে টরন্টোর নগরবাসী।

টিএ/ছাতক